চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও Excellence Bangladesh-এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘চট্টগ্রাম জব ফেয়ার-২০২৬’। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আট হাজার শিক্ষার্থী অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি সিভি জমা ও স্পট ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শুরু হওয়া এ চাকরি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন। এছাড়া উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মেহেদি হোসেন সোহান এবং নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান।
মেলায় আরএফএল, মেঘনা গ্রুপ, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্পাহানি, প্রাণ, ক্লিফটন গ্রুপসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়।
শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি স্পট ইন্টারভিউতে অংশ নেন। আয়োজকরা জানান, প্রাথমিক বাছাই শেষে যোগ্য প্রার্থীদের চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনও জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের করপোরেট জগতের সঙ্গে সংযুক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, শিক্ষার্থীরা যেন ক্যাম্পাস থেকেই চাকরির সুযোগ, করপোরেট খাতের চাহিদা এবং নিজেদের দক্ষতা উন্নয়নের বিষয়ে বাস্তব ধারণা পায়, সে লক্ষ্যেই এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।
চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, প্রায় এক মাসের প্রস্তুতির পর এ আয়োজন বাস্তবায়ন করা হয়েছে। জব ফেয়ারের আগে শিক্ষার্থীদের জন্য একটি সিভি তৈরির কর্মশালাও আয়োজন করা হয়। তিনি আশা প্রকাশ করেন, মেলায় থাকা প্রায় ৫০০ থেকে ৬০০টি শূন্যপদের বিপরীতে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী চাকরির সুযোগ পাবেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






