চাটগাঁ নিউজ ডেস্ক : পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে শুরু এবং যৌক্তিক বিরতি দিয়ে পরীক্ষার রুটিন তৈরি করার জন্য চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন বন্যা পরিস্থিতিতে ২০২৬ সালের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিনিধি দল।
রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বেশকিছু পরীক্ষার্থী শিক্ষাবোর্ডে যান।
এসময় তারা পরীক্ষা দ্রুততম সময়ের শুরু এবং যৌক্তিক বিরতি দিয়ে পরীক্ষার রুটিন তৈরি করার জন্য চেয়ারম্যানের কাছে দাবি জানান। শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সোমবার পৌঁছাবেন বলে নিশ্চয়তা দিয়েছেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা এসেছিলেন বেশকিছু দাবি নিয়ে। পরে তাদের দাবি চেয়ারম্যান গ্রহণ করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।
এসময় চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী কৈশিক কান্তি শীল, শাহরিয়ার নকিব, এস এম নাজিফ নূর, মোহাম্মদ জাঈদুল কবির, মারুফ হোসেন তাসিন, মো. মাহতাবুর রহমান, শাদমান করিম, মো. হাসিবুল মজিত অয়ন, সরকারি সিটি কলেজের মো. জায়েদ চৌধুরী, মো. রইস জামাল ওয়াফি, তৌসিফ মাহমুদ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শাহরিয়ার হাশিম প্রমুখ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ






