সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. ইমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা এবং মো. সালামের ছেলে। তিনি সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় একটি জাহাজভাঙা প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, সকালে কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ইমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বারআউলিয়া হাইওয়ে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top