চাটগাঁ নিউজ ডেস্ক: মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন (২৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ড (ফাঁসি) দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামের মাধ্যমে আদায় করে ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন বিচারক।
রবিবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলায় ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটি তার পরিবারের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা অভিযুক্ত শাকিলকে আটক করে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা গাংনী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র জমা দেয়। একই বছরের ১৩ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে।
মামলায় মোট ১২ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়, যার মধ্যে কিছু সাক্ষ্য ভার্চুয়ালি নেওয়া হয়। বিচার শেষে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করা হয়, যা বিচারিক ইতিহাসে দ্রুত নিষ্পত্তির একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত রায় এসেছে এবং এতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে তারা মনে করছেন। তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





