চাটগাঁ নিউজ ডেস্ক : পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।
এর আগে গত শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ জরুরি স্বাস্থ্যসেবাকে নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে অ্যাম্বুলেন্স খাতের দীর্ঘদিনের জমে থাকা সংকট নিরসনে সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছিলেন।
ওই সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্যে সাধারণ সম্পাদক বাদল মাদবর সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তিন দিনের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখা হবে। সেই নির্ধারিত সময় পার হওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের সিদ্ধান্ত জানাল সংগঠনটি।
সমিতির পাঁচ দফা দাবি হলো—
১. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুব্যবস্থা রাখতে হবে।
৩. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল মওকুফ করতে হবে।
৪. লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ পরিবহনরত অ্যাম্বুলেন্সকেও টোল-মুক্ত সুবিধার আওতায় আনতে হবে।
৫. দিনরাত ২৪ ঘণ্টাই অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
সমিতির নেতৃত্ব বলছেন, এসব দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত থেকে যাচ্ছে, যার প্রভাব সরাসরি পড়ছে জরুরি রোগী পরিবহন সেবায়।
ধর্মঘট শুরু হলে সারাদেশে রোগী পরিবহনে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা জানা যায়নি।
চাটগাঁ নিউজ/এসএ





