চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক জামাইয়ের বিরুদ্ধে।
আহত নারী বর্তমানে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত জামাই আত্মগোপনে রয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার জোয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর তালুকদার বাড়িতে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের আকমল বলির বাড়ির আবু ছালেহ (৩২) চন্দনাইশের রিমি আক্তার (২৮)-কে বিয়ে করেন। বর্তমানে রিমি আট মাসের অন্তঃসত্ত্বা। কয়েক মাস আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে এসে সেখানেই অবস্থান করছিলেন। এ সময় আবু ছালেহও নিয়মিত শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন।
স্বজনদের ভাষ্য, সোমবার রাতে শাশুড়ি মুন্নি আক্তার (৫৫)-এর সঙ্গে আবু ছালেহের বাকবিতণ্ডা হয়। রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লেও ভোরের দিকে ঘুম থেকে উঠে রিমি দেখতে পান, তার স্বামী ঘরে নেই। পরে মায়ের কক্ষে গিয়ে তিনি মুন্নি আক্তারকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
রিমির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত মুন্নি আক্তারকে উদ্ধার করেন। প্রথমে তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও আইসিইউ শয্যা না পাওয়ায় নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।
রিমি আক্তার অভিযোগ করেন, তার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে তার স্বামী আবু ছালেহ এবং শাশুড়ি আনোয়ারা বেগমকে আসামি করে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের আটক করা গেলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





