১০ সদস্যের অনাস্থা, হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল মনছুরের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ইউনিয়ন পরিষদের ১০ সদস্যের আনীত অনাস্থা প্রস্তাব এবং চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত ছয়টি গুরুতর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার উপসচিব জিয়াউর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বিষয় জানানো হয়েছে। প্রজ্ঞাপনের অনুলিপি চট্টগ্রামের জেলা প্রশাসক, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রেরিত অনাস্থা প্রস্তাব স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯(১৩) ধারা অনুযায়ী সরকার অনুমোদন করেছে। একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী চেয়ারম্যান আবুল মনছুরের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা-সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন-পরবর্তী প্রথম সভায় নিয়ম অনুসরণ না করে প্যানেল চেয়ারম্যান গঠন, সদস্যদের ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর গ্রহণ, বিধিবহির্ভূত নিয়োগ প্রদান, পছন্দের ব্যক্তিদের মধ্যে প্রকল্প ও বরাদ্দ বণ্টন, জনসাধারণের কাছ থেকে আদায় করা অর্থ পরিষদের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করাসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, তার বিরুদ্ধে নিজ কার্যালয়ে নারীকে নিয়ে একান্ত সময় কাটানোর অভিযোগও তদন্তে প্রমাণিত হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে পরিষদের সদস্যদের আনীত অনাস্থা প্রস্তাবের সঙ্গে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত কমিটির অনুসন্ধানে সত্য প্রমাণিত হয়েছে। এ ছাড়া, ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় চেয়ারম্যানের পক্ষে জনস্বার্থে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন সমীচীন হবে না বলে সরকার মনে করেছে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের কপি পাওয়া গেছে। ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের সদস্যদের অনাস্থা ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top