কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিট এলাকায় একটি বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে সাপটি অবমুক্ত করা হয়।
এ সময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আহমেদ, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, কাপ্তাই বন্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমনসহ বন বিভাগের কর্মকর্তা এবং কাপ্তাই উপজেলা বন্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, বুধবার (৩ জুন) রাত সাড়ে ৭টার দিকে কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকা থেকে বন্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমন একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিট এলাকায় অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার লক্ষ্যে উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলোকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





