চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলার ১৭টি থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।
উদ্ধার হওয়া ফোনগুলো বুধবার (১৭ জুন) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম উপকারভোগীদের হাতে মোবাইল ফোন তুলে দেন। হারানো ফোন ফিরে পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে এবং হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭টি থানায় মোবাইল হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরিগুলো (জিডি) পর্যালোচনা করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে চালানো অনুসন্ধানে ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারা জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দের। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছে জেলা পুলিশ।
তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা, হারানো সম্পদ উদ্ধার এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





