সৌদি থেকে ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে এলো এমটি নিনেমিয়া

চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে এক লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’।

বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি পিএলসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে এর আগে দুটি চালান দেশে এসেছে। তৃতীয় চালানের তেল বহনকারী এমটি নিনেমিয়া গত ৩০ মে ফুজাইরা বন্দর থেকে যাত্রা শুরু করে এবং বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই লাইটারিং কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, হরমুজ প্রণালীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে অবস্থানরত ‘নর্ডিকস পলাক্স’ জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া জুনের শেষ সপ্তাহে আরও এক লাখ টন সৌদি ক্রুড অয়েল জাহাজে তোলার পরিকল্পনা রয়েছে। এতে দেশে জ্বালানি সরবরাহে কোনো সংকট হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইস্টার্ন রিফাইনারি সূত্র জানিয়েছে, বর্তমানে প্রতিদিন চার থেকে সাড়ে চার হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন করে প্রায় দুই হাজার থেকে দুই হাজার ২০০ টন ডিজেল উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি এলপিজি, ফার্নেস অয়েল, কেরোসিন ও অকটেনসহ বিভিন্ন উপজাতও উৎপাদিত হচ্ছে।

২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ এমটি নিনেমিয়া কর্ণফুলী নদী হয়ে ডলফিন জেটিতে ভিড়তে না পারায় নিয়ম অনুযায়ী ছোট ট্যাংকারের মাধ্যমে তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ক্রুড অয়েলের মজুত ফুরিয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরে এমটি নিনেমিয়ার মাধ্যমে তেল পৌঁছানোর পর গত ৮ মে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। এ সময় সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ডিজেল আমদানি করে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে তেলবাহী জাহাজের বার্থিং, লাইটারিং ও খালাস কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমটি নিনেমিয়া জাহাজে মোট ১ লাখ ৩ হাজার ৫৩৯ মেট্রিক টন ক্রুড অয়েল রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top