চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আবদুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেক বোচারপাড়ার বাসিন্দা। তিনি মৃত মকবুল সোবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সীমানা বিরোধ নিয়ে আবদুল মালেকের সঙ্গে তার চাচাতো ভাই জাকের হোসেনের কথা-কাটাকাটি হয়। জাকের হোসেন মৃত নজির আহমদের ছেলে। এ সময় তিনি প্রতিশোধ নেওয়ার হুমকি দেন বলে জানা গেছে।
দুপুর ২টার দিকে জোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন আবদুল মালেক। এ সময় আগে থেকে ওত পেতে থাকা জাকের হোসেন তার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। জাকেরের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আবদুল মালেক।
নিহতের আরেক চাচাতো ভাই ফরিদুল আলম বলেন, নিহত আবদুল মালেক ও হামলার অভিযুক্ত জাকের হোসেন দুজনইে আমার চাচাতো ভাই। সীমানা নিয়ে বিরোধের জেরে জাকেরের হামলায় ঘটনাস্থলেই আবদুল মালেকের মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, নিহত আবদুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
চাটগাঁ নিউজ/এসএ






