সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সংঘটিত আলোচিত জাহাঙ্গীর আলম শামীম হত্যা মামলার পলাতক আসামি মো. সোহেলকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকা থেকে আটক করা হয়।
জানা যায়, গত ৮ এপ্রিল বুধবার রাতে শামীম তার শ্বশুরবাড়ি মধ্যম ভাটেরখীল গ্রামে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয়।
নিহত শামীম সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার শিবপুর গ্রামের মৃত আবুল মুনসুরের ছেলে। তিনি মুরাদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আসামিদের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। পাওনা টাকা নিয়ে একাধিকবার ঝগড়া, হুমকি ও মারধরের ঘটনাও ঘটে।
হত্যাকাণ্ডের পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।
বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার অন্যতম পলাতক আসামি মো. সোহেল রাঙ্গুনিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে ১৪ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন






