চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ডিজেলবাহী দুই জাহাজ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডিজেলবাহী দুটি জাহাজ পৌঁছেছে। এর মধ্যে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটিকে পতেঙ্গার ৫ নম্বর ডলফিন জেটিতে ভেড়ানোর জন্য বুধবার (১৫ এপ্রিল) সকালে পাইলট বোট পাঠানো হয়। পরে দুপুরে জাহাজটি বন্দরের চ্যানেল অতিক্রম করে নির্ধারিত জেটিতে পৌঁছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট স্থানীয় এজেন্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্দর বিধি অনুযায়ী, জোয়ারের সময় বহির্নোঙর থেকে মোহনা হয়ে কর্ণফুলী নদীর চ্যানেল দিয়ে বাণিজ্যিক জাহাজ আনা-নেওয়ার দায়িত্ব পালন করেন বন্দরের পাইলটরা। এ কাজে সহায়তা করে শক্তিশালী টাগবোট।

সূত্র জানায়, প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি লুসিয়া সলিস’ এবং প্রায় ৩২ হাজার টন ডিজেল বহনকারী ‘এমটি টর্ম দামিনি’ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই বহির্নোঙরে পৌঁছে। এসব জ্বালানি সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং ভিটল এশিয়া।

‘এমটি টর্ম দামিনি’ জাহাজটিকে বৃহস্পতিবার ৬ নম্বর ডলফিন জেটিতে আনার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, সিঙ্গাপুর থেকে আসা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজে প্রায় ১১ হাজার টন উড়োজাহাজের জ্বালানি (জেট এ-১) এসেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে জাহাজটি ৬ নম্বর ডলফিন জেটিতে জ্বালানি খালাস করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top