সিলগালার পরও শোধরায়নি, ফের জরিমানা গুনল পূরবী বেকারি

চাটগাঁ নিউজ ডেস্ক : স্যাঁতসেঁতে পরিবেশ, মাকড়সার জাল, বিবর্ণ দেয়াল, টিনের চালা ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ছে, ইঁদুর বিড়ালের ছোটাছুটি, গরমে কর্মীরা ঘেমে নেয়ে একাকার, মাথার চুল খোলা। এমন পরিবেশে তৈরি হচ্ছিল নগরের স্টেশন রোডের পূরবী বেকারির খাদ্যপণ্য।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে রোববার (৫ জুলাই) পরিচালিত অভিযানে এমন চিত্র দেখা যায়।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, একবার উনার প্রতিষ্ঠান বন্ধ করে গিয়েছিলাম। উনি লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিষ্ঠানের উন্নতি করবেন। জাস্ট দুই একটা টেবিল কিনেছেন।
ফ্লোরটা একটু পরিষ্কার করেছেন। এখন এসে দেখছি যেদিকে তাকাবেন শুধু ময়লা আবর্জনা।

বৃষ্টির পানি পড়ছে এমন জায়গায় ডালডা রেখেছে। বৃষ্টির পানি যেহেতু পড়ছে ঠেকানো প্রথম দায়িত্ব ছিল। ডালডাটা অন্তত নিরাপদ জায়গায় রাখা উচিত ছিল। অর্থাৎ চরম অবহেলা। ১ লাখ টাকা জরিমানা করেছি। পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থার দিকে যাব। প্রয়োজনে সিলগালা করে দেওয়া হবে।

পূরবীর মালিকপক্ষের একজন সাংবাদিকদের বলেন, এটা আমাদের ভুল। এখানে ময়লা আবর্জনা থাকবে না। থাকতে পারেও না। আমাদের একটু অবহেলার কারণে হয়েছে। স্যরি। ভবিষ্যতে আর হবে না।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top