ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি অনুষ্ঠিত হবে আজ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে।
বাংলাদেশ সময় রবিবার (৫ ) দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠে ইংল্যান্ড কিংবা মেক্সিকোর মুখোমুখি হবে।
ব্রাজিলের জন্য ম্যাচটি শুধু শেষ আটে ওঠার লড়াই নয়, নরওয়ের বিপক্ষে দীর্ঘদিনের জয়খরাও কাটানোর সুযোগ। দুই দলের সর্বশেষ বিশ্বকাপ সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালে, যেখানে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরে যায় সেলেসাওরা। সব মিলিয়ে চারবার মুখোমুখি হলেও এখনও নরওয়ের বিপক্ষে জয় পায়নি ব্রাজিল।
কার্লো আনচেলত্তির দল জানে, নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও গোলমেশিন আর্লিং হালান্ড। ওডেগার্ডের নিখুঁত পাস আর হালান্ডের ফিনিশিং প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তাই ব্রাজিলের পরিকল্পনায় থাকছে মিডফিল্ডে কাসেমিরো ও ব্রুনো গুইমারায়েসকে দিয়ে ওডেগার্ডের প্রভাব কমিয়ে আনা। তাদের বিশ্বাস, ওডেগার্ডকে আটকে রাখতে পারলে হালান্ডও খুব বেশি সুযোগ পাবেন না।
চলতি বিশ্বকাপে নরওয়ের হয়ে ইতোমধ্যে পাঁচটি গোল করেছেন হালান্ড, যা দলের মোট ১০ গোলের অর্ধেক। অন্যদিকে ব্রাজিলের আক্রমণের মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র। এবারের আসরে তিনি চারটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন।
আনচেলত্তি এবারও ৪-৩-৩ ফরমেশনে দল সাজাতে পারেন। ভিনিসিয়াসের সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে মাতেউস কুনিয়া ও রায়ানকে। জাপানের বিপক্ষে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করা এন্ড্রিক স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম।
তবে ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে ব্রাজিল। হ্যামস্ট্রিং চোটে লুকাস পাকেতা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। আগেই রাফিনিয়াকে হারিয়েছে দল। কাসেমিরোকে নিয়েও শঙ্কা থাকলেও তিনি ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন বলেই আশা করা হচ্ছে। পাকেতার পরিবর্তে মিডফিল্ডে সুযোগ পেতে পারেন দানিলো সান্তোস।
অন্যদিকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত নরওয়ে। চলতি বিশ্বকাপে একটি ম্যাচ ছাড়া বাকি সবগুলোতেই জয় পেয়েছে তারা। আক্রমণে হালান্ডের পাশাপাশি আলেকজান্ডার সোরলথ ও আন্তোনিও নুসা গতি যোগ করছেন। মিডফিল্ডে ওডেগার্ডের তিনটি এবং প্যাট্রিক বার্গের দুটি অ্যাসিস্ট নরওয়ের আক্রমণভাগকে আরও কার্যকর করেছে।
সম্ভাব্য একাদশ
ব্রাজিল: অ্যালিসন; দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; ব্রুনো গুইমারায়েস, কাসেমিরো, দানিলো সান্তোস; রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র।
নরওয়ে: নাইল্যান্ড; পেডারসেন, আজের, হেগেম, উলফে; ওডেগার্ড, বের্গে, প্যাট্রিক বার্গ; সোরলথ, হালান্ড, নুসা।
ফর্ম বিবেচনায় শেষ ছয় ম্যাচে ব্রাজিলের পাঁচ জয় ও একটি ড্র রয়েছে। বিশ্বকাপে টানা তিন জয়ে আত্মবিশ্বাসও তুঙ্গে। অন্যদিকে নরওয়ে শেষ ছয় ম্যাচে চারটি জয়, একটি ড্র ও একটি হার নিয়ে ভালো ছন্দেই রয়েছে।
কাগজে-কলমে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকলেও হালান্ডের দুর্দান্ত ফর্ম, নরওয়ের দ্রুত পাল্টা আক্রমণ এবং সংগঠিত ফুটবল ম্যাচটিকে সমানে সমান লড়াইয়ে পরিণত করতে পারে। বিভিন্ন পূর্বাভাসে অবশ্য ২-১ ব্যবধানে নরওয়ের জয়ের সম্ভাবনার কথাও উঠে এসেছে, যা হলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ইউরোপের দলটি।
চাটগাঁ নিউজ/এমকেএন





