চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ।
আটকৃতরা হলেন- মো. সুফিয়ান (৩০), মো. হোসেন (৩২) ও মো. হাসমত (৩৪)।
আজ রোববার (৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সদরঘাট থানাধীন নারিকেলতলা মাঝিরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় চোরাই ডিজেল বহনকারী একটি সাম্পানও জব্দ করা হয় বলেও তিনি জানান।
নৌ-পুলিশ জানায়, কর্ণফুলী নদীতে চোরাই ডিজেল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে নারিকেলতলা মাঝিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সাম্পানে তল্লাশি চালিয়ে ২০টি ড্রামে রাখা মোট ৩ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াথীন বলেও জানিয়েছেন ওসি মো. মিজানুর রহমান।
চাটগাঁ নিউজ/জেএইচ





