সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ৪

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাসে আগুন, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মীরনগর ও রসুলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. হাসিবুল ইসলাম (২২), মোহাম্মদ হোসাইন (৩০), লিয়াকত সিকদার (২৪) ও মো. আজাহার সিকদার (১৯)।

পুলিশ জানায়, এ ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ বাদী হয়ে শনিবার (২৪ অক্টোবর) সকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর পাশাপাশি নাশকতা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ ক্ষতিসাধনের অভিযোগে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার চারজনকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে, দুর্ঘটনায় নিহত বাবা-মেয়ের পরিবারের পক্ষ থেকে পৃথক আরেকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের নয়াখালের উত্তর পাশে পাঠানিপুল ডিবিএম ইটভাটা এলাকায় মিনি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী দেলোয়ার হোসেন (৩২) ও তার দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফার মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

পুলিশের অভিযোগ, খবর পেয়ে হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়ার পথে হাইওয়ে পুলিশ বাধার মুখে পড়ে। পরে সাতকানিয়া থানা পুলিশের এসআই মো. জাহেদের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন।

পরে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার বিষয়ে এসআই মো. জাহিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধারে তারা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হন। পথে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করে।

সাতকানিয়া থানার ওসি মো. আবদুল আলীম বলেন, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায়ও পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় মামলার বাইরে আর কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top