চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে আপন দুই বোন। দুই বোনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার হাফেজ মো. ইউনুসের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেফজখানায় চাকরির কারণে মো. ইউনুস পরিবার নিয়ে কলাউজান ইউনিয়নের খালাসির পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। শনিবার দুপুরের পর আমেনা ও আয়শা বাসার কাছেই বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে যায়।
গোসলের একপর্যায়ে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। পরে বিকেলের দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গেলে পানির নিচে তার পায়ে একজনের মরদেহের স্পর্শ লাগে। বিষয়টি বুঝতে পেরে তিনি পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুই বোনের মরদেহ উদ্ধার করেন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুই শিশুর মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব।
কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব বলেন, দুই শিশুকেই হাসপাতালে আনার আগেই মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।
চাটগাঁ নিউজ/এমকেএন





