বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় ও মাটি কাটার দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সামনের শুষ্ক মৌসুমে ইট প্রস্তুতের লক্ষ্যে পাহাড় ও মাটি কাটার অভিযোগে ডিবিএম ও ইউএমবিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া এমএমবি, এমবিআই ও এবিসি-৪ ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাঁচটি ইটভাটাকে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় ও মাটি কাটার দায়ে পাঁচটি ইটভাটাকে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন





