লেবাননের ৯০০ বছরের পুরোনো দুর্গ দখল করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রায় ৯০০ বছর পুরোনো বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একে দক্ষিণ লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বড় অগ্রগতি হিসেবে দাবি করা হয়েছে। লড়াইয়ে হিজবুল্লাহর ড্রোন হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, লেবাননের ভেতরে লিতানি নদী পেরিয়ে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ২৬ বছরের বেশি সময় ধরে কখনোই দেশটির এতটা ভেতরে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করেনি। দুর্গের কাছাকাছি গ্রামগুলোয় কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছিল। চালানো হয় বিমান হামলাও।

এরই মধ্যে আইডিএফ দক্ষিণ লেবাননের আরও বড় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করেছে। সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয়বারের মতো লেবাননের বাসিন্দাদের জাহরানি নদীর নিচের পুরো দক্ষিণ লেবানন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিল ইসরায়েল।

এদিকে ২ মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে ৩ হাজার ৪০০। আহত ১০ হাজারের বেশি। আর ইসরায়েলি সামরিক বাহিনীর ২৫ জন সদস্য নিহত হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top