আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (১ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনীর উত্তর পাশে অবস্থিত শশী কমিউনিটি সেন্টার এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়।
ভিডিওতে দাবি করা হয়, মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি এবং দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ভিডিওটি আজকের নয়, আগের কোনো সময়ের হতে পারে, যা আজ সামনে এসেছে।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদেরও মাঠে সক্রিয় হতে দেখা গেছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





