রাঙ্গুনিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন ধরে পলাতক ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার পোমরা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম জামাল উদ্দিন (৩৫)। তিনি পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোমরা নবাবী পাড়া, সত্যপীর মাজারের উত্তর পাশে মালেক মেম্বারের বাড়ি এলাকার নুরুল আলম ও পরিশা বেগম দম্পতির ছেলে।

পুলিশ জানায়, জামাল উদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলা রয়েছে। ওই মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে শনিবার সকালে পোমরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top