রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসানের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ছয়জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মুরাদনগর এলাকার আব্দুল করিমের ছেলে মো. হাসান (২৮) ও আব্দুল নবী চৌধুরীর ছেলে নাহিদ চৌধুরী (২১), পশ্চিম সৈয়দ বাড়ি এলাকার স্বপন চক্রবর্তীর ছেলে ধ্রুব চক্রবর্তী (২৯), পূর্ব নবগ্রাম এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে মো. আব্দুল মজিদ (৪৩), দোভাষী বাজার এলাকার ফারাজ করিমের ছেলে মো. সাকিব (২১) এবং বনগ্রাম এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুল শুক্কুর (৪২)।
এর মধ্যে মো. হাসান, ধ্রুব চক্রবর্তী ও নাহিদ চৌধুরীকে সাত দিন করে এবং মো. আব্দুল মজিদ, মো. সাকিব ও আব্দুল শুক্কুরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।
মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





