রাঙ্গুনিয়ায় বনভূমি দখলের বিরুদ্ধে অভিযান, উচ্ছেদ ৩ অবৈধ ঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বনভূমি দখল, পাহাড় কাটা এবং সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে ঘর নির্মাণের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিটের হরিহর এবং কোদালা বিটের ‘সাদেকের গোনা’ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

রাঙ্গুনিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মেহরাজ উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বনভূমি দখল করে নির্মাণ করা অবৈধ ঘরগুলো উচ্ছেদ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কোদালা বিটের ‘সাদেকের গোনা’ এলাকায় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা একটি স্থানে পাহাড় কেটে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা করছিল একটি চক্র। খবর পেয়ে বনকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে সরকারি ভূমি দখলমুক্ত করেন এবং অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দেন।

এ ছাড়া নারিশ্চা বিটের হরিহর এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়। এর আগে গত ২৬ আগস্টও একই এলাকায় অবৈধ দখলবিরোধী অভিযান পরিচালনা করেছিল বন বিভাগ।

অভিযান সম্পর্কে ফরেস্ট রেঞ্জার মেহরাজ উদ্দীন বলেন, দেশের বনভূমি ও পাহাড় রক্ষায় বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। সরকারি সম্পদ বিনষ্ট করা এবং পাহাড় কাটার মতো অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, উচ্ছেদ করা স্থানগুলোতে পুনরায় বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে বন আইনে সুনির্দিষ্ট মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বনভূমি ও পরিবেশ রক্ষায় বন বিভাগের পক্ষ থেকে দেশের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সরকারি বনাঞ্চল রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top