রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোডাউন সংলগ্ন একটি কাঁঠাল বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একজন ব্যক্তি ওই এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) র‌্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি তার হাতে থাকা ওয়ান শুটার গানটি ফেলে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার ও জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রটি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top