রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া সাত বছর বয়সী শিশু ইয়াকুব বর্তমানে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার পরিচয় বা পরিবারের সন্ধান পেতে দেশবাসীর সহযোগিতা চেয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা থেকে শিশু ইয়াকুবকে উদ্ধার করা হয়। তবে কীভাবে সে পরিবার থেকে বিচ্ছিন্ন হলো কিংবা তার স্বজনেরা বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার বাবার নাম শাহাবুল এবং তিনি পেশায় একজন রিকশাচালক। এছাড়া তাদের পরিবারের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের শেরশাহ কলোনি বা সংশ্লিষ্ট এলাকায় বলে জানিয়েছে শিশুটি। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সে বাড়ির সুনির্দিষ্ট পথ বা যোগাযোগের সঠিক নম্বর বলতে পারছে না।
অপরিচিত পরিবেশে আতঙ্কিত ও একা থাকা এই শিশুটিকে নিরাপদ আশ্রয়ে রাখতে এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, পরিবারহীন শিশুটির স্বজনদের খুঁজে বের করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। শিশুটির পরিচয় বা তার পরিবার সম্পর্কে যদি কারও কাছে কোনো ধরনের তথ্য থাকে, তবে তা দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
শিশুটির পরিবার বা স্বজনদের সন্ধান পেলে রাঙ্গুনিয়া মডেল থানায় সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সবার সামান্য সহযোগিতাই পারে ছোট্ট ইয়াকুবকে তার চেনা মুখ ও নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দিতে।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ






