যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনের মামলায় পুলিশ সার্জেন্টের ১ বছর জেল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশের এক সাময়িক বরখাস্ত সার্জেন্টকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন; অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত মো. নাজিম উদ্দিন (৫০) চট্টগ্রামের পটিয়া উপজেলার তেকাটা গ্রামের বাসিন্দা। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তবে আপিলের শর্তে আদালত তাকে জামিন প্রদান করেছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে নাজিম উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযোগ রয়েছে, একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। এ টাকা আদায়ের জন্য দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

২০২০ সালের মার্চ ও জুন মাসে একাধিকবার নির্যাতনের ঘটনা ঘটে। সর্বশেষ ১৪ জুন সন্ধ্যায় যৌতুকের টাকা না পেয়ে ভুক্তভোগীকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। এ সময় সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পর আদালতের নির্দেশে ২০২০ সালের ১৭ আগস্ট কোতোয়ালী থানায় মামলা রেকর্ড করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top