যুক্তরাষ্ট্রে পিতার গুলিতে সাত সন্তানের মর্মান্তিক মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে বন্দুক হামলায় নিজের সাত সন্তানসহ মোট আট শিশুকে হত্যা করেছে এক ব্যক্তি। পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোর প্রায় ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত শামার এলকিন্স প্রথমে রাস্তায় এক নারীকে গুলি করেন। পরে তিনি একটি বাড়িতে ঢুকে শিশুদের ওপর গুলি চালান। নিহত শিশুদের বয়স ছিল এক থেকে ১৪ বছরের মধ্যে। নিহতদের মধ্যে ৭ শিশুই তার পরিবারের সদস্য।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় মোট ১০ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ দুই নারীর মধ্যে একজন শিশুদের মা যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পর অভিযুক্ত একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধাওয়া করে। পরে অন্য একটি এলাকায় গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় আহত শিশু পাশের বাড়িতে গিয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। এছাড়া আরেক শিশু ছাদ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানানো হয়নি। এলকিন্সের শ্যালক ট্রয় ব্রাউন ওয়াশিংটন বিবিসিকে জানায়, তার বোন বিবাহবিচ্ছেদের আবেদন করার পর থেকেই এলকিন্স বিচলিত ছিলেন। বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সে উন্মাদ হয়ে গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, লুইজিয়ানা স্টেট পুলিশ-এর সহায়তায় ঘটনাটির তদন্ত চলছে এবং ঘটনার পূর্ণাঙ্গ কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গান ভায়োলেন্স আর্কাইভের (জিভিএ) তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারিতে ইলিনয়ের জুলিয়েটে ৮ জন নিহতের ঘটনার পর এটিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top