পড়া হয়েছে: 284
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোতোয়ালী থানার আওতাধীন বান্ডেল রোড এলাকা থেকে লালা প্রকাশ লালা মেথর (৪৩) নামের ওই আসামিকে আটক করা হয়। তিনি ওই এলাকার সেবক কলোনীর মেথর পট্টির বাসিন্দা এবং মৃত গংগাদীন মেথরের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






