চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাতদল। বাধা দিতে গেলে নুরুল আলম (৬৫) নামে এক বৃদ্ধকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুরুল আলমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটিতে প্রবেশ করে। তারা সিঙ্গাপুরপ্রবাসী গিয়াস উদ্দিন ও কাতারপ্রবাসী নুর উদ্দিনের ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ওয়ারড্রব তল্লাশি চালায়।
ডাকাতরা সেখান থেকে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে নুরুল আলমকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





