এসএসসির ফল পুনঃনিরীক্ষণ: অনলাইনে আবেদন, প্রতি পত্রে ফি দেড়শ

চাটগাঁ নিউজ ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের আবেদন মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হচ্ছে। ফলাফলে আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পুনঃনিরীক্ষণের পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

পুনঃনিরীক্ষণের জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে। এরপর তালিকা থেকে সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘কি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। পুনঃনিরীক্ষণের জন্য প্রতিটি পত্রের ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার মতো ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। ফি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পোর্টালের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে।

ফি পরিশোধের পর আবেদন ফর্মে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। ফি জমা দেওয়ার পর আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না এবং পরিশোধ করা ফি ফেরতযোগ্য নয়। তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল থাকলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে তা সংশোধনের সুযোগ রয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন বাংলানিউজকে বলেন, ফি জমা দেওয়ার পর কোনো পরীক্ষার্থী নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়ায় মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে তা করতে পারবেন। তবে ই-পোর্টাল ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরেই এসএমএসের মাধ্যমে তা জানানো হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top