চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে বঙ্গোপসাগর ব্যবহার করে মিয়ানমারে ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে বাবা-ছেলেসহ বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের এক নেতার কার্যালয়ে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুৃলিশ সূত্রে জানা গেছে।
এর আগে, গত ৩১ অক্টোবর উপজেলার ওসমানপুর এলাকা থেকে দুটি ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তার ছেলে ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬) এবং মহসিনের আরেক ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২)। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার পাচার চক্রের পরিকল্পনা করে মহসিন ওরফে সম্রাটের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয়ভাবে সহযোগিতা চান। এরপর, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে ট্রাকভর্তি সার সংগ্রহ করে, মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ ও বঙ্গোপসাগর রুট দিয়ে মিয়ানমারে পাচারের পরিকল্পনা করা হয়। এই পুরো প্রক্রিয়ায় যুবদল নেতা শওকত আকবর সোহাগ, বিএনপি নেতা মহসিন সম্রাট ও ছাত্রদল নেতা ফারাবি হোসেনসহ অন্যরা জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। এর আগেও সার পাচারের কয়েকটি চালান আটক করা হয়েছে।
এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ






