খাগড়াছড়িতে বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে ১৬ শিক্ষার্থী আহত

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের বিকট শব্দ ও আলো ঝলকানিতে আতঙ্কিত হয়ে একজন সহকারী শিক্ষিকাসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের পাশের একটি গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলছিল। এ সময় হঠাৎ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের বাইরে পাশের একটি গাছে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে পুরো বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা বজ্রপাতের বিকট শব্দ ও আলো ঝলকানিতে বেশি আক্রান্ত হয়। এ ঘটনায় ওই শ্রেণির সহকারী শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ জন শিক্ষার্থী আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের পাশে বজ্রপাত হওয়ায় ওই শ্রেণির শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থীর হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে বজ্রপাতের আঁচ লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তু বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের কারও কারও শরীরের বিভিন্ন অংশ সাময়িকভাবে অবস হয়ে গিয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সবার শারীরিক অবস্থা উন্নতির হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় বাড়িতে পাঠিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top