চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মো. মহিউদ্দিন (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা মুজিবুর রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আগুনে একটি গবাদিপশু পুড়ে মারা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মহিউদ্দিন শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছানিয়া পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা। প্রায় দুই মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে কয়েকদিন আগে আহছানিয়া পাড়ায় একটি সামাজিক সংগঠন গঠন করা হয়। মহিউদ্দিন ওই সংগঠনের সদস্য ছিলেন এবং এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাস্টারহাট এলাকায় মহিউদ্দিনের সঙ্গে ইব্রাহিম নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম ধারালো দা দিয়ে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের দাবি, ইব্রাহিম মুজিবুর রহমানের সহযোগী হিসেবে এলাকায় কাজ করেন।
মহিউদ্দিনকে কুপিয়ে জখম করার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে ক্ষুব্ধ জনতা মুজিবুর রহমানের ভাড়া বাসায় গিয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের একটি গবাদিপশু পুড়ে মারা যায়।
আহত মহিউদ্দিনের ফুফাতো ভাই শিহাব উদ্দিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইব্রাহিম আমার ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নিয়ন্ত্রণ করা হয়। মহিউদ্দিন ও ইব্রাহিমের মধ্যে বিরোধের জেরে মহিউদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে উত্তেজিত জনতা মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






