ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চান এমপি হুমাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধে সফলতা আসবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর ১২০ সদস্যের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডেঙ্গুর সমস্যা প্রতিরোধে যেভাবে কার্যক্রম করছেন এবং আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ এখানে সফল হতে পারব। তবে এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এর আগে সকালে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে শপথ গ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। একই সঙ্গে হাসপাতালের চারপাশে বৃক্ষরোপণ করা হয়। সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও তাঁর সহধর্মিণী সামাঞ্জার খানের সার্বিক তত্ত্বাবধানে এসব কর্মসূচি বাস্তবায়িত হয়। বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনও করেন সংসদ সদস্য।

বিডি ক্লিনের কার্যক্রমের প্রশংসা করে হুমাম কাদের চৌধুরী বলেন, বাংলাদেশের সেরা সন্তান এগুলো। তারা যেভাবে আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করে, এ জন্য আমরা সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাঙ্গুনিয়ায় খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মধ্যে যেই কাজই আপনি ধরেন না কেন, সবসময় দেখবেন কিছু কাজ হয়তো বাকি রয়ে যায়। এই কাজে কোনো ধরনের গাফিলতি আমরা খুঁজে পেলে এটি পুনঃটেন্ডার করা হবে এবং যাদের অভিজ্ঞতা আছে, তাদের টেন্ডার দেওয়া হবে। আপনাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি, এ বিষয়ে তদন্ত চলছে। যারা এই টেন্ডার পেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে সংসদ সদস্য বলেন, দেশে যতগুলো ৫০ শয্যার হাসপাতাল আছে, সবগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার চেষ্টা করা হবে। এর পাশাপাশি আমি একটি বিষয় যোগ করতে চাই—আমরা ইতোমধ্যে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। তাদের কাছ থেকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কিছু অর্থের ব্যবস্থা করার চেষ্টা করছি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top