চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আব্দুল্লাহ আল পাশা (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পৌরসভার নুনাছড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ আল পাশা সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকার মো. নুরুল আফছারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন কর্মী ছিলেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাশার মেজ ভাইয়ের বিয়ের কেনাকাটা শেষে রাত ৮টার দিকে তারা বাড়িতে ফেরেন। এ সময় পাশাকে তার নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে গলায় ফাঁস দেওয়ার কথা বলা হলেও পাশার গলায় ফাঁসের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিব্বীর আহমেদ প্রিন্স। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
নিহতের চাচি ঝর্ণা আক্তার জানান, প্রায় সাত মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন পাশা। বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। তিনি আরও জানান, পাশা মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিত নন।
সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






