মাদকবিরোধী অভিযানে বিপুল মাদক উদ্ধার. গ্রেপ্তার ১৭২

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৯ হাজার ৪২০টি ইয়াবা, ১৩৯ কেজি ৬৫১ গ্রাম গাঁজা ও ৫৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

রবিবার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

রেঞ্জ পুলিশ জানায়, ১১ জেলার বিভিন্ন থানা এলাকায় মোট ২৪৩টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার ১৭২ জনের বিরুদ্ধে রেঞ্জের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া মাদক-সংশ্লিষ্ট অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও ৭০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top