মহেশখালীতে অবৈধ বালু উত্তোলন, ৩০ হাজার টাকা জরিমানা

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পানি চলাচলের ছড়া থেকে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিজানুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় আল আমিন স্কুলসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মিজানুর রহমানকে ঘটনাস্থলে পাওয়া যায়। তিনি ওই এলাকার মৃত উনদালির ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় আইন ও বিধিবিধান না মেনে পানি চলাচলের ছড়া থেকে শ্যালো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে মিজানুর রহমানকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, মহেশখালী থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী-খাল ও আশপাশের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে মহেশখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, ‘আমার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখবেন।’

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top