ব্লাড ক্যান্সারের কাছে হার মানলেন চবির শিক্ষার্থী মহুয়া

চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম।

রোববার (৪ অক্টোবর) রাত ২টার দিকে মহুয়ার মৃত্যুর খবর সহপাঠীদের জানান তার বোন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মহুয়া তাসনিমের গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দিতে। পরিবারের সঙ্গে তিনি ঢাকার সাভার উপজেলায় বসবাস করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তার শরীরে ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। এরপর দীর্ঘদিন ধরে চলছিল তার চিকিৎসা।

সহপাঠীরা জানান, সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে নিয়মিত চিকিৎসার পাশাপাশি প্লাটিলেট দেওয়ার প্রয়োজন হয়। গত ১৪ আগস্ট সহপাঠী ইসরাফিল হোসেন মানিককে ভয়েস মেসেজ পাঠিয়ে জরুরি ভিত্তিতে O+ প্লাটিলেটের প্রয়োজনের কথা জানিয়েছিলেন মহুয়া।

ইসরাফিল হোসেন মানিক বলেন, ‘মহুয়া আমাকে জানায়, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার জন্য জরুরি ভিত্তিতে O+ রক্ত প্রয়োজন। পরে জানতে পারি, তার প্লাটিলেটের মাত্রা অনেক কমে গিয়েছিল। প্লাটিলেট দেওয়ার জন্য দ্রুত রক্তের ব্যবস্থা করতে বলা হয়।’

তিনি জানান, মহুয়ার জন্য কয়েকজনের রক্তের ব্যবস্থা করার চেষ্টা করা হলেও শুরুতে কারও সঙ্গে তার রক্তের মিল পাওয়া যায়নি। পরে একজন ডোনারের সঙ্গে মিল পাওয়ার পর ওই রাতেই মহুয়াকে প্লাটিলেট দেওয়া হয়।

সহপাঠী ইসরাফিল আরও জানান, লিউকেমিয়ার চিকিৎসা চলছিল রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র এক দিনের জন্য বাড়িতে ফিরেছিলেন মহুয়া। এরপর তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে সেই সুযোগ আর হলো না।

দীর্ঘ চিকিৎসার পর রোববার রাতে না ফেরার দেশে পাড়ি জমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top