চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় নকল ঘি উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মূল্য তালিকা না রাখা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরও তিন প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে নকল ঘি উৎপাদনের দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরিফের ফল বিতানকে ১ হাজার টাকা এবং পারভিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী আরও একটি প্রতিষ্ঠানকে অনিয়মের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ জানান, ভোক্তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
তিনি বলেন, ভোক্তাদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






