রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩) মারা গেছেন।
রবিবার (১৯ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত উজ্জ্বল দাশ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট মধুরামপাড়া এলাকার বাসিন্দা। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় পোমরায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে একসঙ্গে জীবন্ত কবর দেওয়া ১৪ শহীদের অন্যতম শহীদ বিরাজ দাশের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে দুর্ঘটনার মাত্র কয়েক দিন আগে একজন ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে বোয়ালখালীর কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় কাজে যোগ দেন উজ্জ্বল দাশ।
গত ১৬ জুলাই সকালে কারখানার জেনারেটর কক্ষে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে উজ্জ্বল দাশসহ অন্তত ১০ জন শ্রমিক গুরুতর দগ্ধ হন। উজ্জ্বল দাশের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার বিকেলে তিনি মারা যান।
নিহতের ভাগিনা ইমন রাজ জানান, কনফিডেন্স সল্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা আপাতত কোনো আইনি পদক্ষেপ বা মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতাল থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই রাতে নিজ গ্রাম শান্তিরহাট মধুরামপাড়ায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উজ্জ্বল দাশের মৃত্যুতে রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






