আনোয়ারায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, আটক ১

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার হেটিখাইনে এক মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীটির বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ রোকন (২৩) নামে একজনকে আটক করেছে।

রবিবার (১৯ জুলাই) বিকালে উপজেলার হেটিখাইন দফাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী (৯) বাড়ির পাশে  চাচার দোকান থেকে নাস্তা নিতে যায়। এ সময় কয়েকজন বখাটে তাকে লক্ষ্য করে অশ্লীল কথা বলে ও অশোভন অঙ্গভঙ্গি করে। ওই ছাত্রীর চাচা মোহাম্মদ রুবেল বখাটেদের এই আচরণের প্রতিবাদ করেন। পরে বখাটেরা সংঘবদ্ধ হয়ে ছাত্রীর বাড়িতে হামলা চালায় এবং মোহাম্মদ রুবেলের দোকান ভাঙচুর করে। এসময় আহত ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- জুয়েল (২৮), সাজিয়া বেগম (৫৫), মিনু আক্তার (২২), রুমা আক্তার (২৬)৷

পরে থানায় ভুক্তভোগীরা অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে তমিজ আহমদ নামে একজনকে গুরুতর আহত করে বখাটেরা। এ ঘটনায় মোহাম্মদ রোকন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

অন্যান্য অভিযুক্তরা হলেন— মো. শিবলু, মো. রোকন, আবুল হাশেম, মো. সুমন, নুরুন্নাহার বেগম, মো. ইনান।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযুক্তরা অশ্লীল বাক্য ও খারাপ আচরণ করেছে। পরে তারা বাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

 

Scroll to Top