উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মাদক সেবন, মা-বাবাকে মারধর এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদারবিল এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে দিল মুহাম্মদের ছেলে নুরুল আমীনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আমীন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের প্রভাবে তিনি প্রায়ই মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যকে মারধর ও নির্যাতন করতেন। এ ছাড়া এলাকায় মারামারি, ঝগড়া-বিবাদ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নুরুল আমীনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের অপব্যবহার রোধ এবং জনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদক-সংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট কোনো অপরাধের ক্ষেত্রে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন






