হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীতে সব ধরনের সামুদ্রিক জাহাজ চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে এবং পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর মেহের নিউজ এজেন্সির।

রোববার (১৯ জুলাই) ইরানের স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড ও উসকানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

সূত্রটি দাবি করে, বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল শূন্যের কোঠায় নেমে এসেছে। তার তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি অতিক্রমের যেকোনো চেষ্টা, বিশেষ করে নিষেধাজ্ঞা অমান্যকারী জাহাজের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

আইআরজিসির ওই সূত্র আরও জানায়, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ইরানের সশস্ত্র বাহিনী সেগুলোর মুখোমুখি হয় এবং তাদের প্রতিহত করে।

সূত্রটি জোর দিয়ে বলে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল হচ্ছে না। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে এই নৌপথ বন্ধই থাকবে এবং কোনো জাহাজকে পারাপারের অনুমতি দেওয়া হবে না।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top