‘বিএনপি সরকারের ১৮০ দিনের কার্যক্রম অদক্ষতা-অব্যবস্থাপনায় ভরা’

চাটগাঁ নিউজ ডেস্ক: বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমকে অদক্ষতা, অব্যবস্থাপনায় ভরা ও প্রতারণার আমলনামা হিসেবে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিএনপি পুরোনো রাজনীতির পুনরাবৃত্তি করছে বলে অভিযোগ করেছেন দলটির নেতৃবৃন্দ।

আজ সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় এসব কথা বলেন তারা।

সভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বর্ষা শেষ হলে চট্টগ্রামের জলাবদ্ধতার কথা প্রশাসক, এমপি ও মেয়ররা ভুলে যান। ২০২৭ সালে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চান না তারা। চট্টগ্রামের পানি নিষ্কাশন ও সড়ক উন্নয়নে আলাদা মেগা প্রকল্প নেওয়ার দাবি জানান তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিও জানান সারজিস। একই সাথে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের অভিযোগ তুলে তিনি বলেন, এক লাখ টাকায় কর্মী যাওয়ার সুযোগ থাকলেও এখন সাত-আট লাখ টাকা খরচ করতে হচ্ছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরও রাষ্ট্র পরিচালনায় কার্যকর পরিকল্পনা দেখা যাচ্ছে না। জ্বালানি-বিদ্যুৎ সংকট, প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তারাও হয়রানির শিকার হচ্ছেন।

সরকারকে সতর্ক করে সারোয়ার তুষার বলেন, ছয় মাসের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। জনগণের স্বার্থে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হলে প্রয়োজনে ঢাকা ও সারা দেশে হরতালের মতো কর্মসূচিও দেওয়া হবে।

সভায় এনসিপির কেন্দ্রীয় ও চট্টগ্রাম উত্তর জেলা নেতারা বক্তব্য দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top