চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালাল চক্রের মূল হোতাসহ দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) হাটহাজারী থানাধীন নতুনপাড়ায় অবস্থিত বিআরটিএ-চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে পরিচালিত অভিযানে আটক দুই দালালকে এ দণ্ডাদেশ দেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১২ নএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
দণ্ডপ্রাপ্ত ২ দালাল হলেন — হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকার মৌলানা আকমল শাহ বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)। হাসান বিএরটিএ কার্যালয়ের দালাল চক্রের মূল হোতা বলে জানা গেছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, বিআরটিএ-চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে পরিচালিত অভিযানে দালাল চক্রের মূল হোতাসহ ২ জনকে আটক করে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে হাসান নামের একজনকে ২৫ দিন এবং ইমরান নামের অন্যজনকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরো জানান, একই আদালত নগরীর বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করেছে।
এসব মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ আটক করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





