চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ২৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ৬ জন এবং ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১২ জন রয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত ১৫ সেপ্টেম্বর ডেঙ্গুতে মারা গেছেন রাফসুন মোহাম্মদ (২৭) নামে এক যুবক। তিনি সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাফসুন। পরীক্ষায় তার ডেঙ্গু এনএস১ অ্যান্টিজেন শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে।

নতুন করে ৭৯ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। একই সঙ্গে মৃত্যুর ঘটনাও অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top