বাসি শর্মার চিকেন সংরক্ষণে সাদিয়া’স কিচেনসহ তিন রেস্তোরাঁকে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় খাবারে অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে তিনটি রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনীস্থ টানেল মোড় এলাকার বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযানে ভোজন বাড়ি নামের একটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাবারে অননুমোদিত রং ও গোলাপজল, কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া সাদিয়া’স কিচেন নামের একটি প্রতিষ্ঠানকে বাসি শর্মার চিকেন সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার টানেল ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে খাবারে গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করা হচ্ছিল।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপদ খাদ্যবিধি মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top