চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে বনভূমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগ ও পুলিশের সদস্যরা। এ ঘটনায় বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাঁশখালী ইকোপার্কের জঙ্গল শীলকূপ মৌজার ৯ নম্বর ওয়ার্ডের করলাশীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বন বিভাগের সদস্যরা হলেন ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন (৪৫), জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অঞ্জন দে (৩৫), সুভাষ চন্দ্র লস্কর (৪২), পাহারাদার দেলোয়ার হোসেন (৪৫) ও শামসুল আলম (৪৫)।
আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঁশখালী ইকোপার্কসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখল করে একটি প্রভাবশালী মহল পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে বন বিভাগ ও থানা-পুলিশের একটি যৌথ দল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়।
আহত বনকর্মীদের অভিযোগ, অভিযান চলাকালে লেয়াকত আলীর নেতৃত্বে একদল ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আহত হন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা চৌধুরী জানান, দুপুরের দিকে বন বিভাগের চারজন আহত কর্মীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে মামলা করা হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






