বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপহরণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে অস্ত্রধারী একটি দল অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। বিদ্যালয়ে তাঁকে না পেয়ে পাশের একটি ছোট চায়ের দোকানে গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করেন তারা। পরে অস্ত্রের মুখে প্রধান শিক্ষককে নৌকায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমা জানান, অস্ত্রধারীরা প্রথমে বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষককে খোঁজেন। সেখানে তাঁকে না পেয়ে পাশের একটি চায়ের দোকানে গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করেন। এরপর অস্ত্রের মুখে তাঁকে নৌকায় তুলে নিয়ে যান। এ সময় সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমার মুঠোফোনও নিয়ে যায় অস্ত্রধারীরা।

তবে কোন সশস্ত্র দল বা কী কারণে প্রধান শিক্ষককে অপহরণ করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

চাই অং প্রু মারমার পারিবারিক সূত্র জানায়, অপহরণের প্রায় এক ঘণ্টা পর তিনি তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। অপহৃত প্রধান শিক্ষককে উদ্ধারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, দুপুর ১২টার দিকে একটি সশস্ত্র দল নাইদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে নৌকাযোগে সাঙ্গু নদীপথে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বিদ্যালয়ের অন্য শিক্ষকদের কাছ থেকেও মুঠোফোন নিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যান। প্রধান শিক্ষককে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে কী কারণে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top